বাংলাদেশ

দেশে ফিরে দাদুর পাশে থাকতে চাই, বাবাকে সাহায্য করতে চাই: ফেসবুকে জাইমা রহমান

Published

on

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দেওয়া এটিই তার প্রথম আনুষ্ঠানিক ফেসবুক পোস্ট।

পোস্টে তিনি দাদি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতিচারণ করে বলেন, ‘‘আমি দাদুকে কখনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখিনি, দেখেছি একজন মমতাময়ী অভিভাবক হিসেবে। আমার বিজয়ের গল্পগুলো তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং গর্ববোধ করতেন।’’

লন্ডনে দীর্ঘদিন প্রবাস জীবন ও আইন পেশার অভিজ্ঞতার কথা উল্লেখ করে জাইমা জানান, বিদেশের মাটিতে থাকলেও তার হৃদয় সবসময় বাংলাদেশেই ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় তিনি নেপথ্যে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

দেশে ফিরে নিজের পরিকল্পনার কথা জানিয়ে জাইমা লেখেন, ‘‘ইনশাআল্লাহ দেশে ফিরে আমি দাদুর পাশে থাকতে চাই এবং বাবাকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রসঙ্গত, তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version