আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল ‘সোমালিল্যান্ড’কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। তবে এই স্বীকৃতিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।
তিনি একে “বিশ্ব এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি” হিসেবে অভিহিত করেছেন।রোববার দেশটির সংসদ অধিবেশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মোহামুদ এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন।
তিনি মন্তব্য করেন, ইসরায়েলের এই স্বীকৃতি সোমালি প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। এটি সোমালি জনগণের ঐক্যের বিরুদ্ধে এক প্রকাশ্য আগ্রাসন।
এর আগে গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আফ্রিকান এই ভূখণ্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। তিনি দাবি করেন, ইসরায়েলই প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দিয়েছে।